News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৩, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:২৪, ৭ ফেব্রুয়ারি ২০২০

১৮৭ রানের টার্গেট ছুড়ে দিল আম্বার স্পোর্টিং ক্লাব

১৮৭ রানের টার্গেট ছুড়ে দিল আম্বার স্পোর্টিং ক্লাব

ঢাকা: আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে আসিফ সাফা ক্রিকেট একাডেমিকে ১৮৭ রানের টার্গেট ছুড়ে দিয়েছে আম্বার স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৪০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৮৬ রান সংগ্রহ করে তারুণ্যনির্ভর এই দলটি। দলের সর্বোচ্চ রান সংগ্রহ করেন অধিনায়ক বিদ্যুৎ।

রোববার রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে তৃতীয় বিভাগের প্রথম লিগের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আম্বার স্পোর্টিং ক্লাব।

দ্রুত ওপেনিং জুটির পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক বিদ্যুৎ। আটটি চারের সাহায্যে ৯০ বল মোকাবেলা করে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৩ রান সংগ্রহ করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন আহমেদুল ওয়াহিদ। তিনি ২৭ বল মোকাবেলা করে তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৩৬ রান সংগ্রহ করেন।

এর আগে ওপেনিং করতে নেমে রফিকুজ্জামান ব্যক্তিগত ৩৬ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান সংগ্রহ করে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। অন্য ওপেনার মোজাম্মেল হোসেন সানি আট বলে এক রান করে ক্যাচ আউট হন। এর পর আব্দুল ওয়াহেদ চার বলে কোনো রান না করেই ক্যাচ আউট হন। ১১ বলে দুই রান করে সাজঘরে ফেরেন ফজলে নাঈম। সালেহিনের চার বলে একটি বাউন্ডারির সাহায্যে সাত। বিপ্লব পাঁচ বল মোকাবেলা করে দুটি চারের সাহায্যে ১০। মমতাছির পাঁচ বলে নয় এবং ইশতাবুল সংগ্রহ করেন ১১ বলে নয় রান।

এছাড়া অতিরিক্ত ১৮, বাই দুই, লেগবাই নয়, ওয়াইড ১২ এবং নো বল থেকে এক রান আসে। সবমিলে আম্বার স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ১৮৬ রান।

ম্যাচ শুরুর আগে আম্বার স্পোর্টিং ক্লাবের অধিনায়ক বিদ্যুৎ অনুশীলনের ফাঁকে নিউজবাংলাদেশকে বলেন, “প্রস্তুতি ভালো। আশা করছি সবাই ভালো খেলতে পারলে অবশ্যই জিতব।”

মাঠে আম্বার স্পোর্টিং এর ম্যানেজার জিয়াউর রহমান তপুর সঙ্গে কথা হলে তিনিও বেশ আত্মবিশ্বাসের সুরে বলেন, “প্রস্তুতি যেহেতু ভালো। আশা করছি ছেলেরা ভালো খেলবে। বাকিটা ম্যাচ শেষে বোঝা যাবে।”

উল্লেখ্য, প্রথম লিগের দ্বিতীয় ম্যাচটি ৫০ ওভারের হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা কমিয়ে ৪০ ওভার করার ঘোষণা দেন প্রধান আম্পায়ার মোজহিদুজ্জামান স্বপন ও সহকারী আম্পায়ার বরকতু্ল্লাহ তুর্কী।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়