বাংলাদেশের লক্ষ্য ২৪০
ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিততে বাংলাদেশের দরকার ২৪০ রান।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। ব্যাটিং বিপর্যয়ে পড়েও সাদ নাসিম (৭৭) ও ওয়াহাব রিয়াজের (৫১) ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করেছে আজহার আলি বাহিনী।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ৭.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৩৬ রান করে বিচ্ছিন্ন হয় সেই জুটি। ব্যক্তিগত ৭ রান করে রুবেল হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতে না হতেই আউট মোহাম্মদ হাফিজও (০)।
তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আজহার আলি আউট হন দলীয় ৫৮ রানে। ১৫.৩ ওভারে। স্পিন বিষে উইকেটে থিতু হতে পারেননি ফাওয়াদ আলম (০) ও মোহাম্মদ রিজওয়ানও (১৩)। ফলে এক পর্যায়ে ২১.৩ ওভারে ৭৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে ষষ্ঠ উইকেটে গিয়ে প্রতিরোধ গড়েন সাদ নাসিম ও হারিস সোহেল। ৭৭ রান করে বিচ্ছিন্ন হন তারা। সপ্তম উইকেটেও দৃঢ়তা দেখিয়েছেন নাসিম-ওয়াহাব রিয়াজ জুটি। দুই ছয় আর পাঁচ চারে ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নেন রিয়াজ। ৪০ বল খেলে। অন্যদিকে ৯৬ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন নাসিম।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ১০ ওভার বল করে ৫১ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। উইকেট পেয়েছেন মাশরাফি, সানি, রুবেল ও নাসিরও।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








