টি-টোয়েন্টিতে পরিণত হচ্ছে এশিয়া কাপ
ঢাকা: ১৯৮৪ সালে জন্মলগ্ন থেকেই ওয়ানডে ক্রিকেটের প্রসিদ্ধ টুর্নামেন্ট হিসেবে পরিচিত এশিয়া কাপ। তবে আগামী বছর টি-টোয়েন্টি ফরম্যাটে পরিণত হচ্ছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ ক্রিকেট আসরটি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিদায়ী প্রধান নির্বাহী আশরাফুল হক এই তথ্য নিশ্চিত করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আশরাফুল হক বলেন, “এশিয়া কাপের ফরম্যাটের পরিবর্তন নিশ্চিত। তবে আগামী বছরের টুর্নামেন্ট কোথায় হবে, আর কখন হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি।” আগামী বছরের মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এশিয়া কাপের আসর বসার কথা।
এরপর ২০১৮ সালে আবার ওয়ানডে ক্রিকেটের আসর হিসেবে প্রত্যাবর্তন হবে এশিয়া কাপের। আসন্ন এশিয়া কাপে ছয়টি দল অংশগ্রহণ করার কথা। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাথে দুইটি আইসিসির সহযোগী দেশ অংশ নিতে পারে সেই টুর্নামেন্টে।
এসিসির সিইও আরো জানান, চলতি বছরের জুনের মধ্যেই কুয়ালালামপুর ভিত্তিক এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বিলুপ্ত হয়ে যাবে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এসিসির পুরো দায়িত্ব নেবে। এশিয়া কাপের দায়িত্ব নেবে সংস্থাটি।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








