News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৫, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

সিরিজের অপেক্ষা বাড়াতে চান না মাশরাফি

সিরিজের অপেক্ষা বাড়াতে চান না মাশরাফি

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে ১৬ বছরের জয় খরা ঘুচেছে। এবার সিরিজ জয়ের বন্ধ্যাটাও ঘোচাতে চান মাশরাফি বিন মর্তুজা। এর জন্য সমর্থকদের অপেক্ষা বাড়াতে চান না বাংলাদেশ অধিনায়ক। রোববারই সিরিজ নিশ্চিত করতে চান ‘নড়াইল এক্সপ্রেস’।

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মাশরাফি। সেজন্য পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামা হয়নি তার। তবে দ্বিতীয় ম্যাচেই ফিরছেন দেশসেরা পেসার। আর সেই ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চান তিনি।

শনিবার ঢাকার সোনারগাও হোটেলে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ম্যাচটা জিতলেই সিরিজ আমাদের হয়ে যাবে। তারপর শেষ ম্যাচে নিশ্চয়ই হারের জন্য মাঠে নামব না আমরা। সুতরাং কালকেই ২-০ করতে চাই আমরা। আর জিতে নিতে চাই সিরিজটা।”

এতো আত্মবিশ্বাসের উৎস কোথায়? এই পাকিস্তান, আর আগের পাকিস্তানের মধ্যে কোন পার্থক্য আছে কি? এমন প্রশ্নে আজহার আলির দলকে সম্মান দেখালেও ফুল মার্কস দিতে পারছেন না। মাশরাফির বিশ্লেষণ, “ওদের যে বোলিং সাইড আছে, এটা বিশ্বকাপেও ছিল। ব্যাটিংয়ে মিসবাহ নেই, আহমেদ শেহজাদ নেই। আফ্রিদিও অনুপস্থিত।”

অতীতের বাংলাদেশের বিপক্ষে খেরায় আফ্রিদির ভূমিকা নিয়ে মাশরাফি বলেন, ‘আমাদের বিপক্ষে আফ্রিদি অনেকবার খেলার গতিপথ বদলে দিয়েছে। আসলে একটা সময় পরিবর্তন আসতই। পুরনোরা চলে যাবে, নতুনরা আসবে। আমাদেরও অনেক নতুন খেলোয়াড় এসেছে। ভারসম্যের দিক থেকে তারা তেমন পিছিয়ে নেই। নতুন দল গুছিয়ে উঠতে একটু সময় লাগবেই। এছাড়া শক্তির দিক থেকে তারা আমাদের থেকে তেমন পিছিয়ে নেই।”

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ভুলত্রুটি নিয়ে মাশরাফি বলেন, ‘গতকাল যেভাবে খেলেছি অলমোস্ট পারফেক্ট। ম্যাচের কোথাও ওরকম কোনো ত্রুটি ছিল না। হয়তো বোলিংয়ে আরেকটু ভাল করতে পারতাম। পূর্বে অনেক ভাল ম্যাচ খেলেছি। ভাল খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই জেতা যায়।”

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের বিজয়ের ম্যাচে নিজে মাঠে নামতে পারেননি। এজন্য কোনো আক্ষেপ আছে কিনা- এই প্রশ্নে মাশরাফির জবাব,“টিমের অংশ হতে পারলে ভাল লাগে, আমি এটা সবসময় বলে এসেছি। মাঠে খেলতে পারিনি, কিন্তু টিম যেভাবে খেলেছে তাতে আমি অনেক খুশি। ১৬ বছর পর আমরা পাকিস্তানের বিপক্ষে জিতলাম-এই টিমের অংশ হতে পেরেই আমি দারুণ রোমাঞ্চিত।”

নিজেদের মাঠে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়ে খেলছে বাংলাদেশ দল। সিরিজেও টাইগারদের শারীরিক ভাষা অনেক পাল্টে গেছে। প্রতিটি জায়গায় ইতিবাচক মনোভাব। এ প্রশ্নে মাশরাফি,“আমি ক্যাপ্টেন হওয়ার পর সব সময় চেষ্টা করেছি টিমের বডি ল্যাংগুয়েজটা ভাল রাখতে। এখন আমাদের ভাল সময় যাচ্ছে। কঠিন পরিস্থিতিতে আমাদের বডি ল্যাংগুয়েজ কেমন থাকে অবশ্য পরীক্ষা করে দেখা হয়নি।”

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানেডেতে তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সৌম্য সরকার। বিষয়টি নিয়ে মাশরাফি বলেন, “যার যে কাজ তা তারা করছে। এটা একটা ভাল লক্ষ্ণণ। ক্রিকেটে সব সময় ভাল-খারাপ, ভাল-খারাপ এমন পরিস্থিতি যায়। প্রতিপক্ষ ও মাঠের কন্ডিশন অনুযায়ী ব্যালান্সড দল গড়েই খেলতে হবে। সৌম্য ওপেনিং করাতে সবাই এক ধাপ ওপরে উঠেছে। টিমের ব্যালান্স অনুযায়ী সবাইকে খেলতে হবে। মানসিকভাবে সবাইকে প্রস্তুত থাকতে বলা আছে। সেজন্য সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়