News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৭, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২০

‘অন্য মাত্রায় উঠেছে বাংলাদেশের ক্রিকেট: ভারতীয় পত্রিকা

‘অন্য মাত্রায় উঠেছে বাংলাদেশের ক্রিকেট: ভারতীয় পত্রিকা

ঢাকা: খেলাধুলার ক্ষেত্রে ভারতীয় পত্রিকায় সেভাবে স্থান পায় না বাংলাদেশের অর্জন। অনেকটা নাক উঁচু ভাবে বিষয়টিকে এড়িয়ে যেতে চায় প্রতিবেশি দেশটির গণমাধ্যম। কিন্তু পাকিস্তানের বিপক্ষে টাইগারদের জয়কে ভালোই গুরুত্ব দিয়েছে ভারতের সংবাদমাধ্যম। একটি পত্রিকা লিখেছে, অন্য মাত্রায় উঠেছে বাংলাদেশের ক্রিকেট। আসুন তামিম-সাকিব-মুশফিকদের জয়কে ভারতের গণমাধ্যম কীভাবে দেখছে এক পলকে সেটা দেখে নেই-

আনন্দবাজার পত্রিকার শিরোনাম, ‘১৬ বছর পর জয় বাংলাদেশের’। পত্রিকাটি প্রতিবেদনের ভিতরে লিখেছে, শেষ বার জয় এসেছিল ১৯৯৯ বিশ্বকাপে। তার পর এল শুক্রবার। বাংলাদেশ হারাল পাকিস্তানকে। ওয়ান ডে-তে এই নিয়ে দ্বিতীয়বার। শুধু হারানোই নয়, মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এ দিন ওয়ান ডে তে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩২৯-৬ তুলে  জিতলেন সাকিব আল হাসানরা। ৭৯ রানে দুরমুশ করলেন আজহার আলিদের। যার নেপথ্যে তামিম ইকবাল (১৩২) আর মুশফিকুর রহিমের (১০৬) সেঞ্চুরি।

কলকাতার আরেক দৈনিক আজকালের শিরোনাম, ‘পাক বধ সাকিবদের’। পত্রিকাটি ভিতরে লিখেছে, ১৯৯৯ সালের বিশ্বকাপে একদিনের ক্রিকেটে প্রথমবার পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ১৬ বছর পর ফের ইতিহাসের চাকা ঘুরল। দাপটের বিচারে যা আগের জয়টিকে ছাপিয়ে গেছে। বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলে যে আলাদা ধরনের একটি পরিবর্তন হয়েছে সেটাও উল্লেখ করেছে পত্রিকাটি। তারা লিখেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়ার পর থেকেই অন্য মাত্রায় চলে গেছে বাংলাদেশের ক্রিকেট।

এই সময়ের শিরোনাম, ‘১৬ বছর পর পাকিস্তান বধ বাংলাদেশের’। পত্রিকাটি ভিতরে লিখেছে, বিশ্বকাপের পরও ভালো ফর্ম ধরে রাখল বাংলাদেশ। ঘরের মাঠে দ্বিপাক্ষিক এক দিনের সিরিজে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে দিল সাকিব আল হাসান বাহিনী। ১৬ বছর পর পাকিস্তানকে হারাল বাংলাদেশ। ১৬ বছর পর।

এবেলার শিরোনাম, ‘পাক যুদ্ধে জয়ী সাকিবরা’। পত্রিকাটি প্রতিবেদনের ভিতরে লিখেছে, বিশ্বকাপের পর দু দলেরই প্রথম ম্যাচ। সেই বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে একাধিক রেকর্ডের সাক্ষী হয়ে থাকল ক্রিকেট দুনিয়া। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাঈদ আজমল-ওয়াহাব রিয়াজদের সংহার করে ৩২৯ রান তুললেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর বাংলাদেশ জিতল ৭৯ রানে।

এনডিটিভির শিরোনাম, ‘বাংলাদেশ বিট পাকিস্তান আফটার ১৬ ইয়ারস’। আরেক প্রতিবেদনে পত্রিকাটি লিখেছে, বাংলাদেশ এক্সপোজ পাকিস্তান ইনএক্সপেরিয়েন্স। আজহার আলি লেমেন্টস সোডি শো, সাকিব লাউডস তামিম। টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম, বাংলাদেশ ব্রেকস সিক্সটিনস ইয়ার হুডু। পাকিস্তানের ডন লিখেছে, বাংলাদেশ ওভারপাওয়ার পাকিস্তান টু এন্ড ১৬ ইয়ার ওয়েট।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়