পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন
ঢাকা: ভয়ংকর হয়ে উঠতে থাকা পাকিস্তানের পঞ্চম উইকেট জুটি ভেঙেছেন স্পিনার আরাফাত সানি। ১৪ রান করা ফাওয়াদ আলমকে সৌম্য সরকারের হাতে ক্যাচ বানান তিনি। এরপর অভিষিক্ত হওয়া সাদ নাসিমকেও আউট করেন তিনি।
এ প্রতিবেদন লেখার সময় ৪০ ওভারে ৬ উইকেটে ২১৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। এক প্রান্তে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান (৪৭) ও অন্য প্রান্তে ওয়াহাব রিয়াদ (০)।
নিজেদের ইনিংসের ৫৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১০.২ ওভারে আরাফাত সানির বলে নাসির হোসেনের হাতে ক্যাচ দেন সরফরাজ আহমেদ। ৩১ বলে ২৪ রান করে আউট হন পাক ওপেনার। এরপর ওয়ানডাউনে নামা মোহাম্মদ হাফিজ ৪ রান করে রান আউটের শিকার হন।
আর ২৭.৩ ওভারে মুশফিকের হাতে ক্যাচ দেন আজহার। ৭৩ বলে ৭২ রান করেন পাক অধিনায়ক। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর ৬৪ বলে ৫১ রান করা হারিস সোহেলকেও ফেরান একই বোলার।
এর আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৬ উইকেটে ৩২৯ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। ৫০ ওভারি ক্রিকেটে এটা বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে সাকিব বাহিনী।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান। শুরুটা ভালোই ছিল স্বাগতিকদের। গোড়াপত্তনের জুটিতে ৪৮ রান আসে। ১৩.২ ওভারে সৌম্য সরকার রান আউট হলে সেই জুটি ভাঙে।
তবে দ্বিতীয় উইকেটে থিতু হতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে দুরন্ত খেলা ব্যাটসম্যান মাত্র ৫ রান করেই আউট হন। এরপর তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন অবস্থানে ১৭৮ রান যোগ হয়।
শেষে ৪১.৪ ওভারে তামিমের আউটে এই জুটির পতন ঘটে। ১৩৫ বলে ১৩২ রান করে আউট হন টাইগার ওপেনার। ১৫ চারের সাথে তিনটি ছক্কার মার মারেন তিনি। পরে সেঞ্চুরি তুলে নেন মুশফিকও। ৭৭ বলে ১৩ চার ও দুই ছক্কায় ১০৬ রান করে আউট হন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান।
তাতে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। সৌম্য সরকার ২০, মাহমুদউল্লাহ ৫ ও সাব্বির রহমান ১৫ রান করে আউট হন। ৩১ রান করে অপরাজিত ছিলেন সাকিব। পাকিস্তানের পক্ষে তিনটি উইকেট নেন ওয়াহাব রিয়াজ। একটি উইকেট গেছে রাহাত আলির দখলে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








