News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১০, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

খালেদার গণসংযোগে যুবলীগের বাধা

খালেদার গণসংযোগে যুবলীগের বাধা

ঢাকা: নিজ দল সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালাতে গিয়ে দফায় দফায় বাধার মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়ে তিন দফা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রায় চার ঘণ্টা ধরে এই প্রচার ও গণসংযোগ চালান তিনি। এ সময় সরকারদলীয় নেতা-কর্মীরা তাকে কালো পতাকা দেখান ও তার বিরুদ্ধে স্লোগান দেন।

খালেদা জিয়া বিকেল সাড়ে চারটায় উত্তরা এলাকায় গণসংযোগ শুরু করেন। উত্তরায় প্রবেশের সময় ১ নম্বর সেক্টরের জসীমউদ্দিন রোডের মোড়ে প্রথমবার বাধার মুখে পড়েন তিনি। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় হাজারখানেক নেতা-কর্মী হাতে, মুখে ও কপালে কালো কাপড় বেঁধে তার গাড়িবহরের সামনে বিক্ষোভ করেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের কিছু নেতা-কর্মী ৩০-৩৫টি মোটরসাইকেলে করে এসে তার গাড়িবহরে যুক্ত হলে দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয়। কিছুক্ষণ পর সরকারদলীয় বিক্ষোভকারীরা এক পাশে সরে গেলে খালেদা জিয়ার গাড়িবহর সামনের দিকে যায়।

পরে বিএনপির চেয়ারপারসন উত্তরা-৩ নম্বর সেক্টরে এসবি প্লাজা ও আমির কমপ্লেক্সে গিয়ে তাবিথের পক্ষে প্রচার চালান। তিনি বিভিন্ন দোকানে ঢুকে দোকানি ও ক্রেতাদের কাছে তাবিথের পক্ষে ভোট চান। বিএনপির কয়েক শ নেতা-কর্মী তার সঙ্গে ছিলেন। আমির কমপ্লেক্স থেকে বের হওয়ার পথে আবারও সরকারদলীয় কয়েক শ নেতা-কর্মী বিক্ষোভ করেন এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তার গাড়িবহরে থাকা বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়।

সন্ধ্যা ছয়টার দিকে খালেদা জিয়া উত্তরা-৭ নম্বর সেক্টরে নর্থ টাওয়ারে যান। গণসংযোগ শেষে গাড়িবহর নিয়ে খালেদা জিয়া আবদুল্লাহপুর যাওয়ার পথে সোনারগাঁও জনপদের মোড়ে আবারও বাধার মুখে পড়েন। ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী কালো পতাকা হাতে এ সময় স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা খালেদার গাড়ি বহরের সামনে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং খালেদার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিএসএফের গাড়িতে ধাক্কাধাক্কি করেন। তিনি পরে গাড়িবহর নিয়ে সেখান থেকে যমুনা ফিউচার পার্কে গিয়ে গণসংযোগ করেন।

 

নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়