মাহীর পর রাস্তা পরিষ্কারে আনিসুল হক
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাহী বি চৌধুরীর পর এবার ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নেমেছেন আনিসুল হক। শনিবার অভিনয় শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে গুলশান এক নম্বর পার্ক-সংলগ্ন সড়ক পরিষ্কার করেন আওয়ামী লীগ সমর্থিত এ প্রার্থী। সমর্থক এবং উৎসুক দর্শকের ভীড়ে এ সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ অভিযান চলে।
সংসদ সদস্য তারানা হালিম, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, ড. ইনামুল হক, রামেন্দু মজুমদার, শংকর শাওজাল, অরুণা বিশ্বাস ও আনিসুল হকের স্ত্রী রুবানা হকসহ অন্যান্য অভিনয় শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও এসময় উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে গুলশান পার্কে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় সচেতন শিল্পী সমাজের পক্ষে এ টি এম শামসুজ্জামান আনিসুল হককে একজন আপাদমস্তক ভদ্রলোক উল্লেখ করে বলেন, “তিনি কাউকে কখনো অসম্মান করে কথা বলেননি। এমন ভদ্রলোককে আমরা মেয়র হিসেবে চাই। আশা করি, তিনি ব্যর্থ হলে তার ব্যাখ্যা দেবেন না, বরং লজ্জিত হবেন।"
সভায় রামেন্দু মজুমদার তার বক্তব্যে আনিসুল হক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোক। তাকে ভোট দিয়ে ঢাকার মেয়র নির্বাচিত করতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান।
নাগরিকদের প্রতি মেয়র হিসেবে সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আনিসুল হক বলেন, “আমার জীবন শুরু হয়েছিল একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে। আমি পাঁচ বছর আপনাদের এমনভাবে সেবা করতে চাই, যাতে রাজধানীতে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হয়।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








