News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৭, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

প্রচারণায় ‘সন্ত্রাসী হামলা’

চট্টগ্রামে ফের সেনা চাইল বিএনপি

চট্টগ্রামে ফের সেনা চাইল বিএনপি

চট্টগ্রাম: গণসংযোগ ও প্রচারণায় বাধা এবং সন্ত্রাসী হামলা হচ্ছে এমন অভিযোগ করে চট্টগ্রামে সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ফের সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার দুপুরে নগরীর মেহেদীবাগস্থ নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ দাবি জানান।

আমীর খসরু বলেন, “নির্বাচনী প্রচারণায় যেভাবে সন্ত্রাসী হামলা হচ্ছে তাতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আমরা শঙ্কিত। এভাবে চলতে থাকলে ও সেনা মোতায়েন না হলে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকবে না।”

সংবাদ সম্মেলনে নগরীর ২নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “নগরীর বাইরে থেকে ভাড়ায় সন্ত্রাসী আনা হচ্ছে। বিভিন্ন এলাকায় প্রচারণার সময় মনজুর আলমের কর্মী-সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়া হচ্ছে। এছাড়া পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলাসহ মনজুরের পক্ষে কেউ কাজ করলে তাদের দেখে নেয়ার হুমকি দেয়া হচ্ছে।”

২০দলীয় জোটের চট্টগ্রাম মহানগর সভাপতি আমীর খসরু বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড, নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ অবস্থায় নির্বাচনী কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় ছাত্রলীগ-যুবলীগ নামধারী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা আরো বেপরোয়া ও উৎসাহিত হয়ে বারবার শান্তিশৃঙ্খলা ও সুষ্ঠু নির্বাচনবিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।

উল্লেখ্য, এর আগে ১২ এপ্রিল আমির খসরুর বাসায় মনজুর আলমের পক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের সাতদিন আগে চট্টগ্রামে সেনা মোতায়েনের দাবি জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়