‘বিএনপির সিটি নির্বাচন দম ফেলার জন্য’
কুষ্টিয়া: সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ‘দম ফেলার জন্য গণতন্ত্রের সুযোগ নেয়া’ এমন মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া পলিটেকনিক কলেজ অডিটোরিয়ামে এডুকেয়ার আইডিয়াল স্কুলের মেধাবীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিচ্ছেন, নিজের দম ফেলার জন্য ও নিজেকে গোছানোর জন্য। রাজনীতির মাঠে ফেরত আসার জন্য সিটি নির্বাচনকে কৌশল হিসেবে ব্যবহার করছেন।”
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গর্তে ঢুকলেও উনি খোলস বদল করেননি। সন্ত্রাসী ও জঙ্গীবাদী রাজনীতি তিনি ছাড়েননি। জনগণের কাছে মাফ চাননি বা অনুতপ্তও হননি। এটা সবচেয়ে বিপজ্জনক যে, আগুন সন্ত্রাসীদের রাজনীতির মাঠে ফেরত আসার জন্য নেতৃত্ব দিচ্ছেন।”
তথ্যমন্ত্রী বলেন, “নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার জন্য সব ক্ষমতা দিয়েছে সরকার। এর আগে অনেক সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেইউ কোনো ভোট কারচুপির অজুহাত তুলতে পারেনি। উনি জাতীয় নির্বাচন কেন বর্জন করে আবার এই সিটি নির্বাচন করছেন তার কৈফিয়ত জনগণকে দিতে হবে।”
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ নেতারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








