সাঈদ খোকনের বাসায় আফরোজা আব্বাস
ঢাকা: বংশালের ৩৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষ করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের বাসভবনে গিয়েছেন মিসেস আফরোজা আব্বাস।
শুক্রবার বিকেলে তিনি সাঈদ খোকনের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় সাঈদ খোকন বাসায় না থাকলেও তার চাচা আব্দুর রহমান ও চাচী বাসায় ছিলেন। সাঈদ খোকনের চাচী মিসেস আফরোজা আব্বাসকে স্বাগত জানিয়ে পরে অ্যাপায়ন করেন।
এসময় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের কয়েকজন স্থানীয় কর্মী অভিযোগ করে বলেন, “বংশাল এলাকায় মির্জা আব্বাসের পোষ্টার লাগাতে দেয়া হচ্ছে না।” পরে আফরোজা আব্বাস হাসতে হাসতে বলেন, “আমাদের বাড়ির দেয়াল পর্যন্ত সাঈদ খোকনের পোস্টার টানানো রয়েছে। কই, তার কোন পোষ্টার নষ্ট হতে দেখিনি।”
মিসেস আফরোজা আব্বাস প্রায় ৪০ মিনিট সাঈদ খোকনের বাসভবনে অবস্থান করেন। এসময় বাসায় মাগরিবের নামাজও আদায় করেন আফরোজা আব্বাস।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








