প্রচারণায় ভয়ংকর বৈষম্য করা হচ্ছে: এমাজউদ্দিন
ঢাকা: বিরোধী দল সমর্থিত প্রার্থীদের প্রচারণায় ‘ভয়ংকর বৈষম্য’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আর্দশ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।
শুক্রবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ৩৭/২ পুরানা পল্টনে আর্দশ ঢাকা আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
এমাজ উদ্দিন বলেন, “একদিকে ক্ষমতাসীন দলের ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা থেকে তাদেরকে রেহাই দেয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দলের সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীকে জামিন পাচ্ছেন না। এটি ভয়ংকর বৈষম্যমূলক আচরণ। এহেন আচরণ কোনোভাবে আমাদের কাছে গ্রহনযোগ্য নয়।”
দক্ষিণের ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী সাঈদ খোকনের গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এমাজ উদ্দিন আহমদ বলেন, “সাঈদ খোকনের বক্তব্যে একটি শব্দ আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। তিনি (সাঈদ খোকন) বলেছেন, ‘জান বাঁচাতে চাইলে ইলিশ মার্কায় ভোট দিন।’ এটা একটা হুমকি। এরকম কথা শুনতেও খারাপ লাগে।”
তিনি বলেন, “আমরা একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি। নির্বাচন কমিশনের দায়িত্ব সেই পরিবেশ সৃষ্টি করা। নইলে ভোটাররা হতাশ হবে।’’
দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাসের প্রচারণায় ক্ষমতাসীন দলের লোকজনের হামলা চালালোর ঘটনার নিন্দাও জানান অধ্যাপক এমাজ উদ্দিন।
সদস্য সচিব শওকত মাহমুদ অভিযোগ করে বলেন, “নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে আতংকগ্রস্থ করা হচ্ছে। বিরোধী দলের প্রার্থীদের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। গতকালও একজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেও ৬নং ওয়ার্ডে বিরোধী দলের সমর্থিত প্রার্থীকে লোকজন নিয়ে প্রচারণা চালাতে গেলে পুলিশ বাধা দিয়েছে। এটা কোনো সুষ্ঠু নির্বাচনের বার্তা বহন করে না।”
সংবাদ সম্মেলনে অন্যদেরর মধ্যে- সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক মাহবুবউল্লাহ, স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, আবদুল হাই শিকদার, প্রচার ও প্রকাশনা উপকমিটির এম আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








