News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৬, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

এমন ঘটনার কথা বলতেও ঘৃণা লাগে: এরশাদ

এমন ঘটনার কথা বলতেও ঘৃণা লাগে: এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যে দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেতা ও স্পিকার নারী সে দেশে বর্ষবরণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নারীদের শ্লীলতাহানির ঘটনার কথা বলতেও ঘৃণা লাগে।

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তর জুরাইনে জাতীয় পার্টি শ্যামপুর-কমদতলী থানা আয়োজিত কর্মীসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা নববর্ষের দিনে নারীর সম্ভ্রমহানির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটবে এটি চিন্তাও করা যায় না।” সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।

সবার কাছে দোয়া প্রার্থণা করে বলেন, “আমার সময়ে নাকি গণতন্ত্র ছিল না? এখন কিসের গণতন্ত্র চলছে? এ জন্য মানুষ পরিবর্তন চায়। আল্লাহ যেন আমাকে দেশের জনগণের সেবা করার সুযোগ দেন।”

প্রধানমন্ত্রীর বিশেষ দূত আরো বলেন, “দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে দুই জন ছাত্র মারা গেল। এমন রাজনীতি আমরা চাই না। নিজেরা-নিজেরা মারামারি করে ওরা প্রতিদিন মরছে। এ জন্য কারো কোনো মায়া লাগে না। সবাই শুধু চায় ক্ষমতা আর ক্ষমতা।”

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে কর্মিসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- সুজন দে, কাওছার আহমেদ, ইব্রাহিম মোল্লা, সেলিম আহমেদ ও মাঈনুদ্দীন বাবু।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়