‘বাঙালি-ক্ষুদ্র নৃগোষ্ঠী সবার শত্রু পুঁজিবাদ’
ঢাকা: এদেশে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সকলের শত্রু অভিন্ন। সবার শত্রু পুঁজিবাদ বলে মন্তব্য করেছেন ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “এদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অত্যাচারিত। বাঙালি নিজেও অত্যাচারিত। ইংরেজ ও পাকিস্তান শাসনামলের পর স্বাধীন দেশে আমাদের প্রধান শত্রু পুঁজিবাদ। বাঙালি ও নৃগোষ্ঠী সবারই শত্রু-শোষণ, বিভক্তি ও কর্তৃত্বের এই পুঁজিবাদ।”।”
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার সন্ধ্যায় মুস্তাফা মজিদের ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচয়’ বইয়ের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “পুঁজিবাদ এখানে বৈষম্য বাড়াচ্ছে। আর শিক্ষা বৃদ্ধির মাধ্যমে বাঙালি নিজেও শ্রেণিতে শ্রেণিতে বিভক্ত হয়ে পড়ছে। তাই ঐক্যবদ্ধ হয়ে পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে। বাঙালি ও নৃগোষ্ঠীগুলোকে অভিন্নভাবে লড়তে হবে, না হলে বিভাজন দূর হবে না।”
তিনি আরও বলেন, “জাতির নিজস্ব চর্চা নেই। মাতৃভাষা কেন্দ্রিক জ্ঞান চর্চা নেই। সৃজনশীলতার চর্চা নেই। অথচ বাঙালি সংখ্যাতাত্ত্বিক দিক দিয়ে বিশ্বে চতুর্থ কিংবা পঞ্চম শীর্ষ অবস্থানে রয়েছি। এই অবস্থার পরিবর্তনের জন্য রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন দরকার।”
আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্রনাথ সারেনের সভাপতিত্বে প্রকাশনা সভায় উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচয়’ বইয়ের লেখক মুস্তাফা মজিদ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








