News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪০, ১৯ জানুয়ারি ২০২০

শনিবার বিক্ষোভ

ছাত্রলীগ ধর্ষকদের সংগঠন: ছাত্রদল

ছাত্রলীগ ধর্ষকদের সংগঠন: ছাত্রদল

ঢাকা: নববর্ষে নারীদের শ্লীলতাহানি ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়া ছাত্রলীগকে ‘ধর্ষকদের সংগঠন’ বলেও আখ্যা দিয়েছে তারা।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এসব কথা জানান।

প্রেস বিবৃতিতে তারা ছাত্রলীগকে ‘ধর্ষকদের সংগঠন’ আখ্যা দিয়ে বলেন, “নারীর সম্ভ্রমহানি ছাত্রলীগের মজ্জাগত অভ্যাস। এর আগেও থার্টি ফাস্ট নাইটে তারা টিএসসিতে বাঁধন নামের এক ছাত্রীকে বিবস্ত্র করে সম্ভ্রমহানি করেছিল। মুজিব হলের ছাত্রলীগ নেতার নারীর সম্ভ্রমহানির গোপন ভিডিও ধারন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিকের ক্যাম্পাসে ধর্ষণের সেঞ্চুরি উৎসব পালন ছাত্রলীগের চারিত্রিক স্খলনের পরিচয় বহন করে।”

যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের কতিপয় বখাটের সহায়তায় নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানির ঘটনায় এ দেশের ছাত্র সমাজ বিস্মিত।”

বিবৃতিতে তারা শ্লীলতাহনির সঙ্গে জড়িত ছাত্রলীগের বখাটেদের গ্রেফতার ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্রলীগের খুন-খারাবি ও অব্যহত সন্ত্রাসের প্রতিবাদে শনিবার দেশের সব জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করার ঘোষণা দেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়