ঢাকা উত্তর সিটির কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নাশকতার পাঁচ মামলায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এ এল এম কাওছার আহম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের মধ্য পাইকপাড়ার নির্বাচনী জনসংযোগ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানা বিএনপির সহসভাপতি কাওছার ঢাকা উত্তরে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তার বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা রয়েছে বলে মিরপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান। তিনি জানান, সেসব মামলার প্রত্যেকটিতেই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
কাওছার নিউজবাংলাদেশ.কমকে জানান, “মধ্যপাইকপাড়ায় কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তিনি। হঠাৎ করে পুলিশ তাকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নেয়। এসময় তিনি নিজেকে প্রার্থী বললেও পুলিশ তা কর্ণপাত করেনি।”
মিরপুর থানা বিএনপির সহসভাপতি কাওছার আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে সিটি নির্বাচনে অংশ নিচ্ছে।
এদিকে কাওছারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃর্শত মুক্তি দাবি করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এবং সদস্য সচিব শওকত মাহমুদ।
কোনো প্রার্থী আসামি হলে তার যদি আদালত থেকে জামিন না থাকে, তবে তারা গ্রেপ্তারের ক্ষেত্রে ছাড় দেবে না বলে ইতিপূর্বে পুলিশ জানিয়েছিল।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ২৮ এপ্রিল অনুষ্ঠেয় প্রার্থীদের মধ্যে কাওছারই প্রথম গ্রেপ্তার হলেন।
নিউজবাংলাদশ.কম/এনএএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








