News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৬, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

জনগণ নীরব বিপ্লব ঘটাবে: খালেদা

জনগণ নীরব বিপ্লব ঘটাবে: খালেদা

ঢাকা: দেশের মানুষ পরিবর্তন চায় বলে দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করে জনগণ নীরব বিপ্লব ঘটাবে। কারণ তারা গুম-খুনের এই সরকারকে আর দেখতে চায় না। মানুষ এ সরকারের হাত থেকে রেহাই পেতে চায়। মানুষ পরিবর্তন চায়। সিটি নির্বাচনেও মানুষ সেই পরিবর্তনের পক্ষেই রায় দেবে।

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া এসময় ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল, মির্জা আব্বাসকে ও চট্টগ্রাম সিটির বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলমকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান। তিনি প্রার্থীদেরও এসময় পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানমঞ্চে খালেদা জিয়ার পাশে এসময় বিএনপি সমর্থিত ঢাকা সিটি দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।


মঙ্গলবার বিকেল ৫ টা ৫ মিনিটে তিনি নয়া পল্টনের দলীয় কার্যালয়ে পৌঁছেন। বিএনপি নেতাকর্মীরা ৩১৮ দিন পর নয়া পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। তারা খালেদা জিয়ার নামে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে রাখে। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান শেষে সন্ধ্যা ৬টার দিকে তিনি গুলশানের উদ্দেশে রওনা হন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, “এই সরকার অবৈধ। তারা পদে পদে আইন অমান্য করছে। নির্বাচনী প্রচারণায় আমাদের প্রতিনিয়ত বাধা দিচ্ছে।”

এ সময় মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ব্যারিস্টার মওদুদ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ডিইউজের (একাংশ) সভাপতি আব্দুল হাই সিকদারসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়