বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার নারী কর্মীদের এবার সংসদীয় প্রতিনিধিত্বে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং আরিফা সুলতানা রুমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী জানান, দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই সংসদীয় কাঠামো শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে।
তিনি বলেন, বিগত দেড় দশকে বিরোধী দলে থাকার কারণে বিএনপির নারী নেত্রীদের কারাবরণসহ অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে হয়েছে। যারা সরাসরি রাজপথে থেকে নিপীড়নের শিকার হয়েছেন, সংরক্ষিত আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাদের ত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। দলীয় মনোনয়ন বোর্ড সব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে এটাই প্রত্যাশা সবার।
আরও পড়ুন: সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার
মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতা নির্ধারণে চারটি বিশেষ মানদণ্ডের কথা উল্লেখ করে রিজভী জানান, সাম্প্রতিক ‘জুলাই বিপ্লব’ বা আন্দোলনে প্রার্থীর সাহসী ভূমিকা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কার্যকরভাবে কথা বলার সক্ষমতাকে এবার বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে। একই সঙ্গে তিনি দলের বৃহত্তর স্বার্থে মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
দলীয় সূত্র মতে, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মোট ৩৬টি আসন পাবে বিএনপি ও তাদের মিত্র জোট। এই রাজনৈতিক জোটে বিএনপির সঙ্গে রয়েছে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি। এই সম্মিলিত শক্তির পক্ষ থেকেই যোগ্য নারী নেতৃত্বদের সংসদে পাঠানো হবে।
মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়, আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। তবে ফরম জমা দেওয়ার সময় জামানত হিসেবে প্রতিটি প্রার্থীর অনুকূলে ৫০ হাজার টাকা জমা দিতে হবে। আজ সকাল থেকেই নয়াপল্টন কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী নারী নেত্রীদের উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ১২ এপ্রিল আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিএনপির সংসদীয় বোর্ড।
নিউজবাংলাদেশ.কম/পলি








