News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০০, ১০ এপ্রিল ২০২৬

সংসদে একদিনে ৩১ বিল পাস, নতুন ইতিহাস

সংসদে একদিনে ৩১ বিল পাস, নতুন ইতিহাস

ছবি: সংগৃহীত

বিরোধী দলের বিরোধিতা ও বিতর্কের মধ্যেও জাতীয় সংসদে একদিনে সর্বোচ্চ ৩১টি বিল পাসের নজির স্থাপিত হয়েছে, যা দেশের সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রথম অধিবেশনের ১১তম কার্যদিবসে এসব বিল কণ্ঠভোটে পাস হয়।

অন্তর্বর্তী সরকারের জারি করা ২৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই বিল আকারে পাস করা হয়। পাশাপাশি আরও তিনটি অধ্যাদেশ রহিত করে নতুন বিল পাস করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এসব বিল উত্থাপন করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২৬’ উত্থাপন করা হলে বিরোধী দল আপত্তি জানায়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এরপর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে একাধিক “গণবিরোধী বিল” পাস হওয়ায় তারা দায় নিতে চান না।

অন্যদিকে, আলোচনার সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান স্থানীয় সরকার ব্যবস্থায় অনির্বাচিত ব্যক্তিদের নিয়োগের সমালোচনা করেন। জবাবে সংশ্লিষ্ট মন্ত্রী জানান, সংশোধন না হলে “ফ্যাসিস্ট শক্তি” ফেরার সুযোগ তৈরি হতে পারে।

ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্তব্য করেন, সব ধাপে অংশ নিয়ে পরে ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থাকে।

অধিবেশনে ফিরে বিরোধীদলীয় নেতা ওয়াকআউটের অধিকার প্রসঙ্গে বক্তব্য দিলে ডেপুটি স্পিকার তা গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকৃতি দেন।

পাস হওয়া বিলগুলো হচ্ছে: ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬’, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ শ্রম সংশোধন বিল, ২০২৬’, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬’। 

‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০২৬’, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬’, ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল, ২০২৬’, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ গ্যাস (সংশোধন) বিল, ২০২৬’, ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল, ২০২৬’, ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল, ২০২৬’, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) বিল, ২০২৬’, ‘জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’। 

আরও পড়ুন: দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিত ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’, ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরী কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬’, ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল, ২০২৬’, ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (এমেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘নেগুশিয়েবল ইনষ্টুমেন্ট (এমেন্ডমেন্ট) বিল, ২০২৬’।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়