News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৬, ১০ এপ্রিল ২০২৬

বাজারে সয়াবিন তেলের সংকট, সোনালী মুরগির রেকর্ড দাম 

বাজারে সয়াবিন তেলের সংকট, সোনালী মুরগির রেকর্ড দাম 

ছবি: সংগৃহীত

দেশের বাজারে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ৫ লিটারের বোতল অনেক দোকানেই পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা যায়, দোকানিরা বলছেন ডিলাররা পর্যাপ্ত তেল সরবরাহ করছে না। কেউ কেউ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে কোম্পানিগুলো নতুন অর্ডারও নিচ্ছে না।

সরকার নির্ধারিত দামে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা, খোলা সয়াবিন ১৭৬ টাকা এবং পাম তেল ১৬৪ টাকা হলেও বাজারে খোলা সয়াবিন ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। পাম তেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।

কারওয়ান বাজারের এক দোকানি জানান, কোম্পানিগুলো তেলের সঙ্গে অন্য পণ্য নিতে বাধ্য করছে, ফলে পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে খুচরা বিক্রি করতে হচ্ছে।

এদিকে নিত্যপণ্যের বাজারে সবজির দামও বেড়েছে। বেশিরভাগ সবজি ৮০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। পটোল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৮০ টাকা, সিম ও সজিনা ৮০ থেকে ১০০ টাকা এবং ঝিঙা, করলা ও বরবটি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে আলু ২৫ টাকা এবং পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। কাঁচামরিচও ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে সোনালি মুরগির দাম এখনও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে প্রতি কেজি ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে, যদিও গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও ডিমের দাম বেড়ে ডজনপ্রতি ১১৫ থেকে ১২০ টাকায় দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ১৫ এপ্রিলের মধ্যে পাঁচ জাহাজে আসছে এলএনজি ও এলপিজি

খামার ও বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ঘাটতি, রোগবালাই এবং উৎপাদন কমে যাওয়ায় মুরগির দাম ও বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়