কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের লাইনআপ ঘোষণা, শুরু ১২ মে
ছবি: সংগৃহীত
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠছে আগামী ১২ মে। এবারের আসরের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।
ঘোষিত তালিকা অনুযায়ী, মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছেন বিশ্বের ২১ জন নির্মাতা। সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ্যর’ জয়ের দৌড়ে এবার অংশ নিচ্ছেন আসগর ফরহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এদা এবং পাওয়েল পাভলিকোভস্কির মতো বিশ্বখ্যাত নির্মাতারা।
এবারের আসরে হলিউড ব্লকবাস্টারের পরিবর্তে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। একমাত্র মার্কিন পরিচালক হিসেবে প্রতিযোগিতায় রয়েছেন ইরা স্যাক্স। আশির দশকের নিউ ইয়র্কের এইডস সংকটকে কেন্দ্র করে নির্মিত তার সিনেমা ‘দ্য ম্যান আই লাভ’ ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গনে আলোচনায় রয়েছে।
প্রতিযোগিতার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ‘ফিয়র্ড’, পাওয়েল পাভলিকোস্কির ‘ফাদারল্যান্ড’, আসগর ফরহাদির ‘প্যারালাল টেলস’, রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ এবং হিরোকাজু কোরে-এদার ‘শিপ ইন দ্য বক্স’।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ফরাসি পরিচালক পিয়ের সালভাদোরির রোমান্টিক সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’। সমাপনী অনুষ্ঠান হবে আগামী ২৩ মে।
আরও পড়ুন: সারাজীবন চারুকলার শিক্ষার্থী থাকতে চান বিপাশা
এবারের জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চ্যান-উক। পাশাপাশি চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ পিটার জ্যাকসন ও বারব্রা স্ট্রাইস্যান্ডকে ‘পাম দ্যর’ সম্মাননা দেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








