শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে জয় পেলেন বিএনপির রুবেল
ছবি: সংগৃহীত
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। এতে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন রুবেল।
এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি। বাতিল ভোট ২ হাজার ৮৬। সব মিলিয়ে মোট ভোট পড়ে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে, এক প্রার্থীর মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছিল।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।
আরও পড়ুন: অনিয়মের অভিযোগ, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন
রিটার্নিং কর্মকর্তা জানান, মোট ভোট পড়েছে ৫২ দশমিক ১৯ শতাংশ। কিছু স্থানে জাল ভোটের অভিযোগ উঠলেও সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটারদের ধন্যবাদ জানান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








