২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার আশ্বাস অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। তিনি দাবি করেন, আগের সরকারের সময় রাজস্ব আদায়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় বাজেট ঘাটতি তৈরি হয়েছিল। বিশেষ করে মেগা প্রকল্পে অতিরিক্ত ব্যয়ের কারণে জনগণ প্রত্যাশিত সুফল পায়নি।
তিনি আরও বলেন, অর্থনৈতিক দুর্ব্যবস্থাপনা ও টাকা পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে প্রায় ২০ বিলিয়ন ডলারে পৌঁছায়। একই সঙ্গে টাকার মান প্রায় অর্ধেকে নেমে আসায় আমদানি ব্যয় বেড়ে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর প্রভাবে জ্বালানি তেল ও এলএনজির দাম দ্বিগুণ হলেও জনগণের স্বার্থ বিবেচনায় সরকার ভর্তুকি দিয়ে তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে।
আরও পড়ুন: সংসদে একদিনে ৩১ বিল পাস, নতুন ইতিহাস
তিনি জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে কাজ চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








