যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
ছবি: সংগৃহীত
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনায় লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি সংলাপে আগ্রহ দেখিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ৪০ দিনের সংঘাতের পর দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের সংলাপে বসার কথা ছিল।
বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদের উদ্দেশে রওনা দিচ্ছে। তবে পরবর্তীতে তিনি পোস্টটি মুছে ফেলেন। এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে এমন তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে টোল ইস্যুতে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
উল্লেখ্য, গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। এর পরদিন ৮ এপ্রিল লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত ও আরও প্রায় ১ হাজার ১০০ জন আহত হন। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট
নিউজবাংলাদেশ.কম/এসবি








