অবিলম্বে সেনাবাহিনী নামান: প্রধান
ঢাকা: সিটি নির্বাচন সুষ্ঠু করার জন্য অবিলম্বে সেনাবাহিনী নামানোর দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান।
রোববার বিকেলে মোহাম্মদপুরে দলীয় কার্যালয়ে জাগপার কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি সরকারের প্রতি এ দাবি জানান।
শফিউল আলম প্রধান বলেন, “জনগণের দাবি মেনে অবিলম্বে সেনাবাহিনী নামান। গর্বিত সেনা সদস্যরা এদেশের এবং আমাদেরই সন্তান। এরা পাকিস্তানি কিংবা হিন্দুস্তানি বাহিনীর সদস্য নন। সেনা নামাতে ভয় পাচ্ছেন কেন?”
দানব শাসকদের নির্মমতায় মানুষ মুখ খুলতে চায় না উল্লেখ করে প্রধান বলেন, “বিভক্ত রাজধানীর উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম নগরীতে কান পাতলেই ভোটারদের হৃদয়ের আওয়াজ শোনা যাবে। আতংকিত জনপদে ভোটাররা রায় দেবার সুযোগ পেলে আওয়ামী ওয়ালাদের জামানত বাজেয়াপ্ত হবে, এটাই বাস্তবতা।”
এসময় তিনি ঢাকা ও চট্টগ্রামের সকল দেশপ্রেমিক নাগরিককে কারও অপেক্ষায় না থেকে খালেদা জিয়ার সমর্থিত প্রার্থীদের পক্ষে নিজ দায়িত্বে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন বাবলু, মাস্টার এম এ মান্নান, আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








