News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১০, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

খালেদার প্রচারে চিন্তিত নন সাঈদ খোকন

খালেদার প্রচারে চিন্তিত নন সাঈদ খোকন


ঢাকা: বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাঠে নামায় চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

রোববার দুপুরে পুরান ঢাকায় এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, “খালেদা জিয়া তাদের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। আমি এ নিয়ে মোটেও চিন্তিত নই।” বিএনপি চেয়ারপারসন হরতাল-অবরোধে মানুষ হত্যার নির্দেশ দেওয়ায় ঢাকাবাসীর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন বলেন, “কিছুদিন আগেও তিনি নিরীহ মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই পথচারীসহ নিরীহ মানুষ হত্যা করা হয়েছে। ঢাকাবাসী শান্তিপ্রিয়, তারা কোনো হত্যার নির্দেশদাতাকে গ্রহণ করবে না।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেয়র-মন্ত্রী ছিলেন। তিনি এই ঢাকার জন্য কী করেছেন? আপনারাই বিচার করবেন।”
 
ঢাকাবাসী তার সঙ্গে রয়েছে মন্তব্য করে সাঈদ খোকন বলেন, “ঢাকাবাসীর সঙ্গে আমাদের সম্পর্ক অর্ধশতাব্দীর চেয়ে বেশি সময়ের। আমার বাবা এই ঢাকার প্রভূত উন্নয়ন করেছেন। তার উত্তসূরি হিসেবে আমি তার দর্শন লালন করি। আপনারা একটিবারের জন্য আমাকে পরীক্ষামূলক হলেও সুযোগ দিন।“

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপকমিটির সহসম্পাদক গোলাম সরোয়ার কবির প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।

এর আগে রায়সাহেব বাজার থেকে কয়েকশ কর্মীর মিছিলসহ লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেটের সামনে সমাবেশস্থলে আসেন সাঈদ খোকন। পরে বাংলাবাজারে গণসংযোগ করেন তিনি।

নিউজবাংলোদেশ.কম/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়