নির্বাচনী আইন ভঙ্গ করছে সরকার
ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার নির্বাচনী আইন ভঙ্গ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।
তিনি বলেন, নির্বাচনী আইন ভঙ্গের অংশ হিসেবে সরকার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন করে নিয়োগ,পদোন্নতি, বদলি ও দোকান বরাদ্দসহ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছে।
নির্বাচনী আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরে সরকার এসব করতে পারে না অভিযোগ করে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে দলটি।
রিপন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ। নির্বাচন কমিশন যদি এ অনিয়ম বন্ধ না করে তাহলে ভবিষ্যতে তাদের এবং দলবাজ প্রশাসকদের বিচার করা হবে।
তিনি বলেন, বিএনপি মনে করে নির্বাচনের আগে এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনকে প্রভাবিত করবে। নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে এবং অনিয়মকে প্রশ্রয় দেয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই
নিউজবাংলাদেশ.কম








