তাবিথের ধন্যবাদ
খালেদার যোগদানে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা
ঢাকা: সিটি নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী প্রচার নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তার পক্ষে প্রচারণা চালানোর জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রোববার সকালে রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় দিনের নির্বাচনী প্রচারণার শুরুতে তিনি এ কথা বলেন।
তাবিথ বলেন, তার (খালেদা) বিপুল জনপ্রিয়তা রয়েছে। তিনি প্রচারণায় নামলে নির্বাচনে নতুন মাত্রা যোগ হবে এবং মানুষ আরও বেশি করে আমার পাশে এসে দাঁড়াবে।
তাবিথ বলেন, নির্বাচনে প্রাচরণা শেষ হতে এখনও সাত দিন বাকি। আশা করছি এই সাত দিনের মধ্যে আমরা সর্বস্তরের ভোটারদের কাছে পৌঁছাতে পারব। আমাদের কাছে এটা যথেষ্ট সময় বলেই মনে হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কোনো প্রার্থী নির্বাচনী নিয়মশৃঙ্খলা ভঙ্গ করছেন, সে ব্যপারে আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।
আইনশৃঙ্খলা ব্যবস্থা এখনও পর্যন্ত ঠিক আছে মন্তব্য করে তাবিথ বলেন, আমরা আশা করব আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী পরিবেশকে আরো সুসংহত করবে।
তাবিথের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এবং ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই
নিউজবাংলাদেশ.কম








