ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৩ জুন
ঢাকা: পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগের রাজধানীর কলাবাগান থানার দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২৩ জুন দিন ধার্য করেছেন আদালত।
রবিবার এ মামলার আভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছানোর জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান সময়ে আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার হুমকি দেন। তার হুমকির পরিপ্রেক্ষিতে ওইদিন কলাবাগান ধানাধীন পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁও রোডে ৩০-৪০ জন বিএনপি ও জামায়াতকর্মী পুলিশের কতর্ব্য কাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করে পথ যাত্রীদের আহত করে। এ ঘটনার দিন কলাবাগান থানার উপ-পরিদর্শক মাসুদ সিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।
২০১৪ সালের ২০ অক্টোবর কলাবাগান থানার উপপরিদর্শক আসাদুজ্জামান মির্জা ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
নিউজবাংলাদেশ.কম/কেএ/একে
নিউজবাংলাদেশ.কম








