News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

ভুল বুঝতে পেরে ডিসিসি নির্বাচনে নেমেছেন খালেদা: বাণিজ্যমন্ত্রী

ভুল বুঝতে পেরে ডিসিসি নির্বাচনে নেমেছেন খালেদা: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছিলেন তা বুঝতে পেরে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় নেমেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংয়ের সাথে বৈঠকশেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এটি একটি অরাজনৈতিক নির্বাচন। খালেদা জিয়া এখন প্রধানমন্ত্রী নন, বিরোধী দলের নেত্রী ও এমপিও নন। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি মাঠে নামছেন। তিনি ৫ জানুয়ারি নির্বাচনের ভুল বুঝতে পেয়ে এখন মাঠে নেমেছেন।”

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, “এ নামা ৫ জানুয়ারিতে যদি তিনি নামতেন তাহলে কাজ হতো। তা না করে তিনি ডিসিসি নির্বাচনে নেমেছেন। এতে প্রচারণায় কোনো বাধা নেই। কারণ খালেদা জিয়া একটি দলের প্রধান। তবে আমাদের প্রচারণা করতে আইনের কিছু বিধান রয়েছে।”

তিনি বলেন, “চায়না রাষ্ট্রদুত বলেছেন, গত তিন মাস আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে অবস্থায় ছিল এতে কোনো দেশ এখানে বিনিয়োগ করতে চায়নি। বর্তমানে এ পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এজন্য বিনিয়োগ করতে চায় চীন।”

বাণিজ্যমন্ত্রী বলেন, “চীন বাংলাদেশে ২৫০টি গার্মেন্টস কারখানা তৈরি করতে চায় বলে একটি জায়গা চেয়েছে। আমরা সে বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। চীন আমাদের পুরানো বন্ধু। তারা বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক কাজে অংশীদার হতে চায়।”

তোফায়েল আহমেদ আরো বলেন, “আমরা তাদের আগ্রহকে কাজে লাগাতে চাই। এর আগে চীন আমাদের সার কারখানা করতে সহযোগিতা করেছে।”
 
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়