নিজহাতে লিফলেট বিতরণ করলেন খালেদা
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গণসংযোগে নেমেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি পিংক সিটি এলাকায় গণসংযোগ করেন। এরপর তিনি গুলশান এক নম্বরে ডিসিসি সুপার মার্কেটে গণসংযোগ করতে যান।
এসময় খালেদা জিয়ার চারপশে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ভীড় উপচে পড়ে। এসময় রাস্তায় যানজটেরও সৃষ্টি হয়। গণসংযোগের সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে দোকানদার ও সাধারণ মানুষের কাছে নিজহাতে লিফলেট বিতরণ করে ভোট চান।
এখান থেকে তিনি বাড্ডা এলাকায় গণসংযোগ করেতে যাবেন।
প্রচারণায় খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা নেত্রী শামীমা আক্তারসহ নেতাকর্মীরা।
বিএনপি চেয়ারপারসন আজ (শনিবার) প্রথম প্রচারে নামলেন। এরপর তিনি প্রতিদিন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের কোনো না কোনো এলাকায় প্রচারণা চালাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে সমর্থন দিয়েছে বিএনপি। এছাড়া প্রতিটি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী রয়েছে।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে
নিউজবাংলাদেশ.কম








