News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৭, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

নারী সমাজের কাছে ক্ষমা চাইলো বিএনপি

নারী সমাজের কাছে ক্ষমা চাইলো বিএনপি

ঢাকা: পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর শ্লীলতাহানির ঘটনায় নারী সমাজের কাছে ক্ষমা চেয়েছে বিএনপি। পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিপীড়নকারীদের বিশেষ ট্রাইব্যুনালের আওতায় বিচারের দাবি জানিয়েছে দলটি।

শনিবার দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ড. আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নারীর প্রতি লাঞ্ছনা ও শ্লীলতাহানি লজ্জাজনক, দুঃখজনক। আমরা যেহেতু ক্ষমতায় নেই তাই এ বিষয়ে কিছু করতে পারছি না। সেজন্য আমরা নারী সমাজের কাছে ক্ষমা চাই।”

তিনি বলেন, “বাংলাদেশে যখন আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি সেই মুহূর্তে ঢাবি, জাবিসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ঘটনা ঘটছে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই নিপীড়নকারীদের দ্রুত বিশেষ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার করুন। আমরা বিরোধীদল হিসেবে আপনাদের সহযোগিতা করবো।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় তিনি বলেন, “সর্বত্রই দলবাজি চলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শাসকদলের লোকেরাই ভিসি নির্বাচিত হন। সেখানে শাসকদলের ক্যাডারদের হাতেই তাদের সমর্থিত শিক্ষকরা নির্যাতিত হচ্ছেন।”

তিনি বলেন, “দলবাজদের সরিয়ে উপযুক্ত শিক্ষকদের ভিসি নিয়োগ করা হোক। তাহলে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরে আসবে, অপ্রীতিকর ঘটনা ঘটবে না।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়