News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৬, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৯, ১৯ জানুয়ারি ২০২০

জামায়াতের সাথে সখ্য বরদাস্ত করা হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জামায়াতের সাথে সখ্য বরদাস্ত করা হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী


খুলনা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দেশবিরোধী জামায়াতের সাথে সখ্য রয়েছে এমন সরকারি কর্মকর্তাদের বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

বুধবার সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, “ডুমুরিয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী আছেন যারা জামায়াত-শিবির ঘরানার লোক। দেশ বিরোধী এই দলটির সাথে তাদের সখ্যতা রয়েছে। তাদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না।”
 
এসম তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: অহিদুল ইসলামকে লক্ষ্য করে বলেন, “আপনার বিরুদ্ধে দেশবিরোধী সংগঠন জামায়াতের সাথে সখ্যতার অভিযোগ রয়েছে।”

প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। সেই রাষ্ট্রকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে কাজ করে যাচ্ছেন। কোনো অপশক্তি দেশের এই উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। একসময়ে আমাদের চাল আমদানী করতে হত এখন আমরা রপ্তানী করছি। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এক শ্রেণির কর্মকর্তারা নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। যখন আমরা কোনো কাজের কথা বলি তখন আইনের দোহাই দেয়া হয়। কিন্তু ঠিকই সেই কাজটি হয়ে যায়।”

তিনি বলেন, “বিধি বহির্ভূতভাবে ডুমুরিয়ার স্থায়ীবাসিন্দা নন এমন অনেক ব্যক্তি ডুমুরিয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে চাকরী করছেন। যে কারণে ডুমুরিয়ায় শূন্যপদ সৃষ্টি হচ্ছে না। ডুমুরিয়ার শিক্ষিত ছেলেমেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে চাকরী থেকে বঞ্চিত হচ্ছে।”

মন্ত্রী এসময় ডুমুরিয়ার অধিবাসী নন যে সকল শিক্ষক তাদের তালিকা তৈরিরও নির্দেশ দেন।
 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আব্দুল খালেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা সাবিহা খানমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়