News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৭, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:০৭, ১৮ জানুয়ারি ২০২০

সালাহউদ্দিনকে খোঁজার অগ্রগতি ৬ মাস জানাতে নির্দেশ

সালাহউদ্দিনকে খোঁজার অগ্রগতি ৬ মাস জানাতে নির্দেশ

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে ছয় মাস অনুসন্ধান অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাকে খুঁজে পাওয়া গেল কীনা এ ব্যাপারে প্রতি মাসে পুলিশকে অগ্রগতি প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশিরউল্লাহ।

উল্লেখ্য, সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের আবেদনের প্রেক্ষিতে ১২ মার্চ এ রুল জারি করেছিলেন হাইকোর্ট। সরকারকে জানাতে বলা হয়েছিল, সালাহউদ্দিনকে খুঁজে বের করে আদালতে হাজিরের নির্দেশ কেন দেয়া হবে না? এ রুলের ওপর দুই পক্ষের শুনানি শেষে আদালত সোমবার এ আদেশ দিলেন।

হাসিনা আহমেদের অভিযোগ, ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। ‘নিখোঁজ’ হওয়ার আগে ফোন করে তাকে বিষয়টি জানানোর চেষ্টা করেছিলেন সালাহউদ্দিন। স্বামীর খোঁজ চেয়ে পরদিন রাতে গুলশান ও উত্তরা থানায় তিনি জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়নি।

অবশেষে হাসিনা হাইকোর্টে গেলে আদালত ওই রুল জারি করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইন-শৃঙ্খলা বাহিনীর পাঁচটি প্রতিবেদন ও পুলিশের দুটি ডায়েরি ১৫ মার্চ আদালতে উপস্থাপন করেন। প্রতিবেদন ও ডায়েরিতে দেখা গেছে, যে বাসা থেকে সালাহউদ্দিনকে ‘তুলে নেয়ার’ অভিযোগ করা হয়েছে সেখানে রায়হান নামে এক ব্যক্তির অবস্থান ও চলে যাওয়ার তথ্য পেয়েছে পুলিশ।

এছাড়া বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের কোনো শাখা তাকে আটক করেনি। তার কোনো খোঁজও তারা পায়নি। যে যে ব্যর্থতার কারণে সালাহউদ্দিনকে খুঁজে বের করা যাচ্ছে না তা চিহ্নিত করতে খন্দকার মাহবুব বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন করেছিলেন। আদালত এ ব্যাপারে কোনো আদেশ দেননি।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়