বিয়ে বটে!
ব্রুনাইয়ের সুলতানের ছেলের বিয়ে বলে কথা। বিশ্বের সব চেয়ে আলোচিত আর জাঁকজমকপূর্ণ এই বিয়ের বর-কনের সিংহাসনটি ছিল পুরো সোনা দিয়ে তৈরি। সিংহাসনের সোনালী আলোয় যেন ঝিকমিক করছিল চারদিক।
বিশ্বের অন্যতম ধনী দেশটির প্রিন্সের বিয়ের আয়োজন চলেছে টানা ১১ দিন ধরে। ব্যবহৃত হয়েছে শত শত ভরি সোনা, খরচ হয়েছে কোটি কোটি টাকা।
অনুষ্ঠানে রাজ পরিবারের বিশেষ পোশাকে বর আব্দুল মালেক এবং আইটি বিশেষজ্ঞ কনে দায়াংকু রাবিয়াতুল আদাওইয়াহ পেনগ্রিয়ান হাজি বলকিয়াহ অতিথিদের সামনে উপস্থিত হন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ হাজার রাজকীয় ও গণ্যমান্য অতিথি। বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের পাশাপাশি বেশ কয়েকটি দেশের রাজা-রানীরাও উপস্থিত ছিলেন সেখানে।
অনুষ্ঠানের সবকিছুই যেন ছিল স্বর্ণখচিত। এমনকি কনেকে শুভেচ্ছা জানানোর ফুলের তোরাটিও ছিল স্বর্ণের তৈরি। এক অতিথির কাছ থেকে কনে স্বর্ণের এই তোড়াটি উপহার পান।

বিস্ময়কর বিয়ের এ আনুষ্টানিকতায় কনের জুতোটাও সাধারণ কোনো জুতো ছিল না। এদিন মহামূল্যবান হীরে-চুনি-পান্না খচিত সোনার জুতো পরিধান করেন কনে।
বিয়ের আনুষ্ঠানিকতায় প্রত্যক্ষভাবেই অংশ নেন দেশটির সুলতান হাসানাল বলকিয়াহ। ছেলে আব্দুল মালিক যাতে সব আনুষ্ঠানিকতা ঠিকঠাক পালন করতে পারেন তা কাছ থেকেই দেখেছেন তিনি।
বিয়ের মূল অনুষ্ঠানটি হয় বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ ইস্তানা নুরাল ইমান প্রাসাদে। ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের এই প্রাসাদে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ, বিশালাকার স্নানাগার আছে ২৫৭টি। একই প্রাসাদে সুইমিংপুল রয়েছে ৫টি।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠিত হয় রাজকীয় ভোজন। এমন বিয়েতে খাওয়া-দাওয়ার বেলায়ও যে এলাহি কাণ্ড ঘটবে এটি নিশ্চিৎ করেই বলা যায়।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








