পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা
ছবি: সংগৃহীত
তিন মাস ২৭ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় দানবাক্স খুলে মোট ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ গণনার কাজে অংশ নেন।
মসজিদ সূত্রে জানা গেছে, তিন মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার ৩ মাস ২৭ দিন পর তা করা হয়েছে। এ কারণে এবার নতুন করে আরও দুটি দানবাক্স বসানো হয়েছে।
এর আগে চলতি বছরের ৩০ আগস্ট ৪ মাস ১৮ দিনের ব্যবধানে দানবাক্সগুলো খোলা হলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল। সেই সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।
আরও পড়ুন: সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন
দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুলসংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য দানবাক্সের নিরাপত্তা নিশ্চিত করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








