ব্ল্যাকমেইল ও মামলা বাণিজ্যের অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা গ্রেফতার
ছবি: সংগৃহীত
গাজীপুরে পুলিশের যৌথবাহিনীর বিশেষ অভিযানে ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় তাহরিমার নিজ বাসায় গ্রেফতার অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এ মামলায় অভিযোগ আনা হয়েছে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায়, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার।
প্রাথমিক তদন্তে পুলিশের জানা অনুযায়ী, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া তাহরিমা জান্নাত সুরভী। তদন্তে আরও উঠে এসেছে যে, এই চক্র ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়েছিল।
আরও পড়ুন: আল নাহিয়ান ট্রাস্টে পপুলারের বাণিজ্যিক স্থাপনা, প্রতিবাদ-ভাঙচুর
চক্রটি মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি, গ্রেফতারের ভয় দেখানো এবং ‘মীমাংসা’ করে দেওয়ার নাম করে বিপুল অঙ্ক দাবি করত।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ।
অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। এছাড়া, বর্তমান সরকারের উপদেষ্টারা এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
গ্রেফতার হওয়ার পর তাহরিমাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়ার পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, তাহরিমা নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








