News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ২১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার  (২১ ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পে কর্মরত। বিজিবির আঙ্গরপোতা বিওপির একটি টহল দল তাকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ওই সময় সীমান্ত এলাকায় ভারত ও বাংলাদেশের গরু পারাপারকারীদের একটি দল জড়ো ছিল। বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করতে গিয়ে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে একটি বাড়িতে ঢুকে পড়েন। তখন বিজিবির টহল দল তাকে আটক করতে সক্ষম হয়।

বর্তমানে আটক বিএসএফ সদস্য দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন।

সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে মাঝেমধ্যেই বিএসএফ সদস্যদের অনুপ্রবেশের ঘটনা ঘটে। এর আগে ২০১৪ সালে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড চালানোর ঘটনাও ঘটেছিল।

আরও পড়ুন: পঞ্চগড়ে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১২ ডিগ্রির ঘরে

এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, আটক বিএসএফ সদস্যের বিষয়টি ভারতের বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তী করণীয় বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়