News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় ৩২ আহত নেতাকর্মী

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় ৩২ আহত নেতাকর্মী

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার সময় কুমিল্লার বাগমারা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দলের নেতাকর্মীরা। 

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি থেকে ছেড়ে আসা একটি ৪২ আসনের বাস বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন গুরুতরভাবে আহত হন।

বাসের যাত্রী ও নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল জানান, হঠাৎ বাসটি কেঁপে ওঠে, তারপরই বিকট শব্দে সড়ক বিভাজনের উপরে উঠে যায়। মুহূর্তেই চারদিকে চিৎকার ও আর্তনাদ শুরু হয়। 

তিনি আরও জানান, আহত অন্য প্রায় ৩০ জন নেতাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩টি অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আরেক প্রত্যক্ষদর্শী ইয়াসিন আরাফাত সৈকত বলেন, যাত্রার শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু বাগমারা বাজার এলাকায় পৌঁছানোর পর দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত সাহায্যে এগিয়ে না আসলে ক্ষয়ক্ষতি আরও বড় হতে পারত।

আরও পড়ুন: ব্ল্যাকমেইল ও মামলা বাণিজ্যের অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা গ্রেফতার

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তাদের দুজনের অবস্থাই গুরুতর।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রাপথে আমাদের নেতাকর্মীদের বহনকারী একটি বাস কুমিল্লার বাগমারা বাজারের সামনে দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রায় ৩২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান বলেন, খুশির এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য গভীর বেদনার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দ্রুত অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। আহত সবাই আমার অত্যন্ত কাছের ও প্রিয় নেতাকর্মী। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে শেরপুর থেকে ঢাকায় যোগ দিতে প্রায় ১৫ হাজার নেতাকর্মী বিভিন্নভাবে যাত্রা শুরু করেছেন। এর মধ্যে ১৫০টি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং ট্রেন ব্যবস্থার মাধ্যমে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাচ্ছেন।

শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ বলেন, ২৫ ডিসেম্বর ইতিহাসের এক অবিস্মরণীয় মজলুম নেতার স্বদেশ প্রত্যাবর্তন। নেতাকর্মীরা উচ্ছ্বসিত। ভিড় এড়াতে অনেক নেতাকর্মী আগেভাগেই ঢাকায় চলে গেছেন। বাকিদের জন্য জেলা সদরসহ অন্যান্য উপজেলা থেকে বাস ও মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়েছে।

শেরপুর জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি শওকত হোসেন জানান, রাত থেকেই অনেক নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। জেলার প্রায় সব মাইক্রোবাস রিজার্ভ করা হয়েছে এবং বৃহস্পতিবার সকাল থেকে পাঁচটি উপজেলা থেকেই বাসগুলো ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়