শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে
ছবি: সংগৃহীত
নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। সঙ্গে বইছে হালকা শীতল বাতাস। দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো জেলা, ফলে শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
ঘন কুয়াশার কারণে ছোট-বড় সব ধরনের যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এতে সড়কপথে গতি কমে গেছে এবং দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (২৪ ডিসেম্বর) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে, সকাল ৬টায় নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় ১ ডিগ্রি কম।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েক দিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও আকাশে হালকা মেঘ থাকার কারণে সূর্যের দেখা মিলছে না, ফলে শীতের প্রকোপ বেড়েছে। তিনি খুব প্রয়োজন ছাড়া ভোরের দিকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শীতের এই সময়ে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষজন পড়ছেন নানা ভোগান্তিতে। বিশেষ করে ভ্যানচালক, রিকশাচালক এবং মোটরসাইকেল ও সাইকেল আরোহীদের জন্য কুয়াশা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষরা। তাই শীতার্তদের পাশে দাঁড়াতে সরকার ও বিত্তবানদের প্রতি শীতবস্ত্র বিতরণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








