News Bangladesh

নোয়াখালী সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৫, ২৩ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ থেকে ১০ জন। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন আলাউদ্দিন (৪০), তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। অন্য চারজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি সরকারিভাবে এখনও কাউকে বন্দোবস্ত দেয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনী চরের কিছু জমি বিক্রি করে। এর পর আলাউদ্দিন বাহিনীও চরের দখল নিতে তৎপর হয়ে ওঠে এবং কিছু জমি বেশি দামে বিক্রির চেষ্টা চালায়। একপর্যায়ে দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে জমি বিক্রির উদ্যোগ নিলে বিরোধ তীব্র হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় অভিযোগ অনুযায়ী, চর দখলে জড়িত আলাউদ্দিনের সঙ্গে কয়েকজন রাজনৈতিক ব্যক্তির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তারা সামছু বাহিনীকে চর থেকে বিতাড়িত করে আলাউদ্দিন বাহিনীর সঙ্গে আঁতাত করে জমি দখলের চেষ্টা চালায়। এর আগে দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে।

আরও পড়ুন: খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

মঙ্গলবার সংঘর্ষের সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে আলাউদ্দিনসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, দুর্গম চরাঞ্চলের কারণে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এই সংঘর্ষ মূলত চর দখল ও অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে এবং দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের ফলাফল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়