পদ্মা লাইফের পরিচালনা পর্ষদকে জরিমানা
ঢাকা: বীমা আইন লঙ্ঘনের দায়ে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব সদস্যকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বুধবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ, একচ্যুয়ারির সভাপতিত্বে কোম্পানিটির এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে কর্তৃপক্ষের সদস্য মো. কুদ্দুস খান, জুবের আহমেদ খান, সুলতান-উল-আবেদীন মোল্লা এবং মো. মুরশিদ আলম উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বীমা আইন, ২০১০ এর ৮০ (৪) ধারা ও ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২’ পরিপালনে ব্যর্থ হওয়ায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সকল সদস্যকে ব্যক্তিগতভাবে ১ (এক) লক্ষ টাকা করে সর্বমোট ২০ (বিশ) লক্ষ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এছাড়া ১ মে, ২০১৫ তারিখের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগে ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী প্রতিদিনের জন্য কোম্পানিকে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করতে হবে।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদের ২০ সদস্য হলেন- চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্লাহ, ভাইস-চেয়ারম্যান এএফএম ওবায়দুর রহমান, পরিচালক- এটিএম এনায়েত উল্লাহ; আবু তাহের; জয়নাল আবেদীন জাফর; ডা. নাদিরা সাবরিন; নাজিম উদ্দিন আহমেদ; ফাতেমা বেগম; নাজমুন নাহার; ডা. একেএম আনোয়ারুজ্জামান; এটিএম রফিক; আব্দুল মুজিব চৌধুরী; নিরপেক্ষ পরিচালক- নূরুল ইসলাম চৌধুরী (এফসিএ); অ্যাড. দেওয়ান সুলতান আহমেদ; আবু সালেহ; ফোরকান উদ্দিন আহমেদ (এফসিএ); জনগণের অংশের শেয়ার গ্রহীতা পরিচালক- মোস্তাকুল আলম ভূঁইয়া; আবুল কাশেম; নার্গিস ওয়াজেদ; মো. মুনতাসির করিম।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








