News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৮, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩০, ১৯ জানুয়ারি ২০২০

বাংলাদেশে ১০০ কোটি ডলারের ‘টাকা বন্ড’

বাংলাদেশে ১০০ কোটি ডলারের ‘টাকা বন্ড’

প্রথমবারের মতো বাংলাদেশে ১০০ কোটি ডলারের ‘টাকা বন্ড’ ছাড়া হচ্ছে। বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এই ‘টাকা বন্ড’ নিয়ে আসছে বাংলাদেশে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ২য় দিনে অর্থমন্ত্রী সাংবাদিকদের আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। শুক্রবার শুরু হওয়া এ বৈঠক শেষ হয় গত রোববার।

অর্থমন্ত্রী বলেন, "বাংলাদেশের জন্য ১ বিলিয়ন ডলারের একটি ভালো খবর আছে। আইএফসি টাকা বন্ড ছাড়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। আমরা সেটাকে সাদরে গ্রহণ করেছি।"

মুহিত জানান, ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে আইএফসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জিং ইয়ং চাইয়ের নেতৃত্বে ওই বৈঠকে বন্ড ছাড়ার বিষয়টি আলোচনায় আসে। আইএফসির দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের কর্মকর্তারা এই ‘টাকা বন্ড’ ছাড়ার প্রস্তাব দেন।

উল্লেখ্য, প্রবাসীদের জন্য ‘ডলার বন্ড’ থাকলেও বাংলাদেশে ‘টাকা বন্ড’ প্রথমবারের মতো ছাড়া হচ্ছে। ভারতেও ১০০ কোটি ডলারের ‘টাকা বন্ড’ রয়েছে।

টাকা বন্ড ছাড়ার ব্যাপারে অনেক প্রস্তাব পেয়েছি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কিন্তু আইএফসির এই প্রস্তাব খুবই ইতিবাচক মনে হয়েছে।

তিনি বলেন, "আমরা তাদের প্রস্তাবে সাড়া দিয়েছি। দেশে ফিরেই আমরা এ ব্যাপারে কাজ ‍শুরু করবো। এবং যতো দূর সম্ভব কম সময়ের মধ্যে বন্ডটি ছাড়া হবে।"

বৈঠকে অর্থসচিব মাহবুব আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, "আইএফসির প্রস্তাবনায় বলা হয়েছে, তারা আন্তর্জাতিক বাজার থেকে ১ বিলিয়ন ডলারের ফান্ড রেইজ (সংগ্রহ) করে সেটা বাংলাদেশি মুদ্রা টাকায় আমাদের বাজারে ছাড়বে। যে কেউ এই টাকা বন্ড কিনতে পারবে।"

"টাকা বন্ড" প্রবাসীদের জন্য আকর্ষণীয় হবে বলে মনে করেন মুহিত। তিনি বলেন, "বিদেশের ব্যাংকে টাকা রাখলে কোনো সুদ (জিরো ইন্টারেস্ট) পাওয়া যায় না। টাকা বন্ডে ৪/৫ শতাংশের মতো ইন্টারেস্ট থাকবে।"

মূলত দেশে বিনিয়োগ বাড়াতে আইএফসির এই প্রস্তাবে বাংলাদেশ রাজি হয়েছে বলে জানান মুহিত।

বিশ্বব্যাংকের তিন দিনের এই বসন্তকালীন বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়