প্রাইম ব্যাংকের এমডির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ কামাল খান চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রাইম ব্যাংকের ৩ কোটি ৯২ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ পাওয়া গিয়েছে।
দুদক সূত্র থেকে আজ সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কঠোর গোপনীয়তায় এ অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে বলে সূত্র জানিয়েছেন।
পরিচয় গোপন রাখার শর্তে আরও জানা যায়, ইতিমধ্যেই ব্যাংকের এমডির কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে।
প্রাইম ব্যাংকের এমডি আহমেদ কামাল খান চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে ভাউচার টেম্পারিং করে ব্যাংকের তিন কোটি ৯২ লাখ ১৯ হাজার ১৪ টাকা আত্মসাতের অভিযোগ পায় দুদক।
চলতি বছরের ১৩ জানুয়ারি অভিযোগটি অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পরে, গত ২২ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে অভিযোগটি অনুসন্ধানে নিয়োগ দেয়া হয়।
প্রাইম ব্যাংকের এমডির কাছে সংশ্লিষ্ট কাগজপত্র চেয়ে গত ২৬ ফেব্রুয়ারি চিঠি দেয় দুদক। চাহিদা মোতাবেক আহমেদ কামাল খান চৌধুরী মার্চের শেষের দিকে কাগজপত্র কমিশনে দাখিল করেন। ভাউচার টেম্পারিং সংক্রান্ত ওই সব কাগজপত্র পর্যালোচনা শেষে আহমেদ কামাল খান চৌধুরীর বক্তব্য নেওয়ার জন্য তলবি নোটিশ পাঠানো হবে বলে সূত্রটি জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








