ফিরেই ঝলমলে এনামুল
ঢাকা: ইনজুরির কারণে গেল বিশ্বকাপের মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছে তাকে।
পুরো ফিট না থাকায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও থাকা হয়নি তার। এরপর দু দিন আগে চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এনামুল হক বিজয়। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে ফেরা আজ মঙ্গলবারই। কিন্তু ফিরেই দারুণ উজ্জ্বল বাংলাদেশ দলের ওপেনার।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) উদ্বোধনী দিনে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে ব্যাট করতে নেমে ৯৪ রান করেছেন এনামুল। ২২৬ বল মোকাবেলা করে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলে সাকলাইন সজিবের বলে ক্যাচ আউট হন তিনি। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে চারদিনের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে আট উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে তার দল।
এছাড়া প্রাইম ব্যাংকের পক্ষে নুরুল হাসান ৭৮, জিয়াউর রহমান ৩৮ রান করেন। প্রথম দিনের খেলা শেষে সোহাগ গাজী ২৪ ও আল আমিন হোসেন শুন্য রানে অপরাজিত আছেন। বিসিবির আরিফুল হক ২০ ওভার বল করে মাত্র ৪৮ রানের বিনিময়ে একাই ছয়টি উইকেট শিকার করেন। সাকলাইন ও ফরহাদ হোসেন একটি করে উইকেট নেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








