News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৯, ১৮ জানুয়ারি ২০২০

মাদ্রিদ ডার্বিতে কঠিন পরীক্ষায় রিয়াল

মাদ্রিদ ডার্বিতে কঠিন পরীক্ষায় রিয়াল

ঢাকা: টানা পঞ্চম বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের।  কারণ, গোল হয়ে ম্যাচ ড্র হলেও টুর্নামেন্ট থেকে ছুটি নিতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদো-করিম বেনজেমাদের।

গত বছরের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ডিয়াগো সিমিওনের শিষ্যদের কাঁদিয়ে ‘লা ডেসিমা’ অর্থাৎ দশম ইউরোপ সেরার মুকুট জয় করেছিল রিয়াল। কিন্তু এরপর থেকে নগর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আর কোনো জয় পায়নি কার্লো আনচেলাত্তির শিষ্যরা। সেটা আট প্রচেষ্টায়। এর মধ্যে গত সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিসেন্ত ক্যালদেরনে গিয়ে গোল শূন্য করেছিল লস ব্লাঙ্কোসরা। এর মাঝে ইনজুরিতে ঝরে পড়েছে দলের বেশি কয়েকজন তারকা ফুটবলার। আর ঠিক সেই সময়েই আগামীকাল বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে অ্যাটলেটিকোর সামনে দাঁড়াচ্ছে রিয়াল।

চলতি সপ্তাহে মালাগার বিপক্ষে ৩-১ গোলের জয়ের দিনে লুকা মডরিক ও গ্যারেথ বেলকে হারায় রিয়াল। নিষেধাজ্ঞা খঁড়গে আছেন ফুলব্যাক মার্সেলো। তাছাড়া কনুইয়ের ইনজুরিতে ভোগা করিম বেনজেমা আগামীকালের ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়েও সংশয় আছে। অবশ্য হামেস রদ্রিগেজের ফেরা রিয়ালের জন্য দারুণ এক অনুপ্রেরণা। দুই মাস ইনজুরিতে ভোগার পর ফুটবলে ফিরে চার ম্যাচে দুই গোল করেন কলম্বিয়ান সেনসেশন।

ডার্বি ম্যাচের আগে সেই রদ্রিগেজ বলছেন, “আমরা সবাই আশা করছি এই রাউন্ড উতরে যেতে পারব। আমি গোল করতে পারলে সেটা খুবই ভাল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দলের জয় পাওয়া, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষের কঠিন ম্যাচটা অতিক্রম করা। এজন্য আমরা প্রত্যয়ী। কারণ আমরা নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে খেলব।”

কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে রিয়াল ইউরোপের সবচেয়ে সেরা ডিফেন্সের মোকাবেলা করতে নামবে। যারা ইউরোপ সেরা প্রতিযোগিতায় নিজেদের সর্বশেষ আট ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে। বিষয়টি স্বীকার করে রদ্রিগেজ বলছেন, “অ্যাটলেটিকো অবিশ্বাস্য একটি দল। রক্ষণে যারা নিপুণ।”

এদিকে অ্যাটলেটিকো পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামছে। মারিও মানজুকিচ চোট থেকে সুস্থ হয়ে অ্যান্টোনিও গ্রিজম্যানকে সঙ্গত দেয়ার জন্য মুখিয়ে আছেন। ফিট আছেন তোরেসও। মাঝমাঠ-ডিফেন্সেও কোন সমস্যা নেই। তবে প্রশ্ন উঠছে, গেল বছরের চ্যাম্পিয়নস লিগের স্মৃতি অ্যাটলেটিকো কি ভুলতে পেরেছে? বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার লুইস গার্সিয়া। মহারণের আগে তিনি বলছেন, “লিসবনের কথা ভুলে গেছি আমরা। কেননা আমরা অতীত নিয়ে পড়ে থাকতে পারিনা।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়