ক্রিকেটের নতুন পরাশক্তি বাংলাদেশ: আফ্রিদি
ঢাকা: বাংলাদেশের ঐতিহাসিক জয়ে তামিম-মুশফিক টিম নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে শাহিদ আফ্রিদি বলেছেন, বাংলাদেশ এখন ক্রিকেটের নতুন পরাশক্তি।
বাংলাদেশে খেলতে এসে এদেশের জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশংসাসূচক নানা মন্তব্য করেছেন পাকিস্তানের এই ক্রিকেট তারকা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে জিতেছে টাইগাররা।
বাংলাদেশের কাছে পাকিস্তানের ওয়ানডে সিরিজের এ হারে খুব বেশি হতাশ নন বিশ্বকাপ ক্রিকেটের পর ওয়ানডে থেকে অবসর নেওয়া আফ্রিদি। তিনি মনে করেন, পাকিস্তান দলে তরুণ কিছু ক্রিকেটার রয়েছে। তাদের সুযোগ দিতে হবে।
টাইগারদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলার জন্য সোমবার সকালে ঢাকায় পৌঁছেন শাহিদ আফ্রিদি। আগামী ২৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের আফ্রিদি বলেন, “বাংলাদেশ খুব উন্নতি করেছে। তাদের এখন ক্রিকেটের পরাশক্তি বলা চলে। বিশ্বকাপে তারা এর প্রমাণ রেখেছে।”
সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের ব্যর্থতা প্রসঙ্গে আফ্রিদি বলেন,“পাকিস্তানের বর্তমান দলটি নিয়ে আমি আশাবাদী। আমার বিশ্বাস, অল্পকিছু দিনের মধ্যেই এই দলটি একটি শক্তিশালী দলে পরিণত হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








