News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫২, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে

বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে

ঢাকা: ম্যাচ জয়ের জন্য ২৩৯ রান যথেষ্ট ছিল না। আর বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। রোববার দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে ১ ম্যাচ হাতে রেখে ২-০ তে তিন ম্যাচের সিরিজটি জিতে নিয়েছে টাইগাররা। সিরিজ হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাক-অধিনায়ক আজহার আলীর কণ্ঠে তাই নিজেদের সমালোচনা ও বাংলাদেশের প্রশংসাই ঝরল।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রান করে পাকিস্তান দল। মাত্র ৭৭ রানে পাকিস্তান দলের ৫ উইকেট তুলে নিয়ে শুরুতেই ম্যাচের লাগাম টেনে ধরে বাংলাদেশ দল। তামিম ইকবালের অপরাজিত সেঞ্চুরিতে (১১৬*) ৭১ বল হাতে রেখে সহজেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচ হারের ব্যাখ্যা দিয়ে পাকিস্তান অধিনায়ক আজহার আলী বলেন, ‘কোনো সন্দেহ নেই যে উইকেট খুব ভালো ছিল। ৩০০ প্লাস স্কোর করার মতো উইকেট পেয়েছিলাম। প্রথমেই আমরা একের পর এক উইকেট হারিয়েছি। আসলে ২৩৯ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে।’

তামিম ইকবালের ইনিংস সম্পর্কে আজহার বলেন, ‘২টি ইনিংসেই সে (তামিম) খুব ভালো ব্যাটিং করেছে। সাহস নিয়ে খেলেছে সে।’

সিরিজের শেষ ম্যাচ প্রসঙ্গে পাক-অধিনায়ক বলেন, ‘আমরা কোনো ডিপার্টমেন্টেই ভালো করতে করতে পারিনি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবগুলো জায়গায় আমাদের উন্নতি করতে হবে। দলের তরুণ খেলোয়াড়দের প্রতি আমার বিশ্বাস আছে। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’

বাংলাদেশ যেভাবে দাপটের সঙ্গে দুটি ম্যাচ জিতেছে তাতে পাক অধিনায়কের আশাবাদ কতটা ফলপ্রসু হয় তা ভবিষ্যতের হাতেই ছেড়ে দেয়া যাক। তবে সে আশা পূর্ণ হলেও বাংলাদেশের আনন্দে তা খুব বেশি প্রভাব ফেলবে না। পাকিস্তানকে বাংলাওয়াশ না করতে পারার মধুর ‘আফসোস’ই শুধু সঙ্গী হবে।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়