আমার সঙ্গে পরিবারকে জড়াবেন না: তামিম
ঢাকা: অস্ট্রেলিয়ার বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলার পর পরের ম্যাচগুলোতে ভালো করতে পারেননি তামিম ইকবাল। যে কারণে তামিমের পরিবারকে নিয়েও সমালোচনা করে অনেকেই। নিজের কারণে পরিবারের সমালোচনা মেনে নেয়া খুবই কঠিন ছিলো তামিমের। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি।
রোববার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেঞ্চুরি শেষে তামিম সাংবাদিকদের বলেন, “আমি ভালো না করলে আমার সমালোচনা করবেন। কিন্তু পরিবারকে না। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ভালো খেলার পর বাকি ম্যাচগুলোতে ভালো করতে না পারায় আমার পরিবারকে নিয়ে সমালোচনা হয়। সত্যি বলতে বিশ্বকাপের পরের তিনগুলোতে আমার পরিবার অনেক কষ্টে ছিলো।”
এছাড়া তামিম বলেন, “ক্রিকেট এমনই একটি খেলা। কখনও ভালো কখনও খারাপ। তাই বলে কেউ ইচ্ছা করে খারাপ খেলে না। আমার এই ভালোর জন্য মাশরাফি-মুশফিক ভাইকে অনেক বেশি শুভেচ্ছা। তারা আমার কঠিন সময়ে পাশে ছিলো। আমি সবসময় ভালো খেলার জন্যই মাঠে নামি। সেলিব্রেশন করার পরিকল্পনা নিয়ে মাঠে নামলে সেদিন ভালো করতে পারি না। তাই সেলিব্রেশন নিয়ে কোন পরিকল্পনা থাকে না।”
প্রথম সেঞ্চুরির পর নিজের উদযাপন নিয়ে তিনি বলেন, “আমি বেশ কিছুদিন ধরে ভালো খেলছিলাম না, তাই এমন করেছি। আসলে আমি রোনালদোর ভক্ত। তাই ওকে দেখেই এমন করেছি।”
সিরিজ জয় নিয়ে তিনি বলেন, “আমরা পাকিস্তানের সাথে অনেকগুলো ম্যাচ জিততে জিততে হেরেছি। এমন জয় আমাদের জন্য প্রয়োজন ছিলো। আসলে বিশ্বকাপে আমরা ভালো খেলার পর যদি ফের খারাপ খেলতাম ফের সমালোচনা হতো। বিশ্বকাপ ভালো পারফরম্যান্স করায় আমাদের এই সাফল্য। আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দারুণ ভালো হয়েছে।”
দ্বিতীয় ম্যাচও সেঞ্চুরির লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “ব্যাটিংয়ে নামার আগে আমি বলেছিলাম, আমার যতক্ষণ ইচ্ছা ব্যাটিংয়ে এনজয় করবো। ৮০ রান করার পর মুশফিক ভাই আমাকে বলেছে সেঞ্চুরি করতে হবে। এরপর সেঞ্চুরির কথা মাথায় আসে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে
নিউজবাংলাদেশ.কম








