News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৮, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

মাঠে ফেরার জন্য প্রস্তুত বিজয়

মাঠে ফেরার জন্য প্রস্তুত বিজয়

ঢাকা: ওয়ানডে ক্রিকেটে ফেরার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠেছেন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়।

গেল ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে ক্রিকেটযজ্ঞ থেকে ছিটকে পড়েন ডানহাতি ওপেনার। একই কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত প্রথম দুই ওয়ানডেতেও জায়গা হয়নি তার। এখন দু-এক দিনের মধ্যে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি। তার আগে ‍সুস্থ হয়ে উঠেছেন বিজয়।

বিজয়ের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন,“ডাক্তারি ভাষায় বিজয় পুরোপুরি সুস্থ, খেলার জন্য পুরোপুরি ফিট।” টাইগার ওপেনারের চোট নিয়ে বিসিবির ফিটনেস ট্রেনার (পুর্নবাসন) জাহিদুল ইসলাম খোকন বলেন,“গত ১৭ এপ্রিল বিজয়ের টেস্ট ছিল। সে কতটুকু ফিট তা দেখার জন্য। ফিজিও এবং ম্যানেজারের অধীনেই সেই পরীক্ষা সম্পন্ন করা হয়। টেস্টে সে পাশ করেছে। আর তা বিসিবিতে পাঠিয়েও দেয়া হয়েছে।”

রোববার বাংলাদেশ যখন পাকিস্তানের বিপক্ষে খেলছে, তখন একাডেমি মাঠে ফিটনেস ফেরাতে ওয়ার্মআপ করতে ব্যস্ত বিজয়। সেখানে খোশ মেজাজেই দেখা গেছে তাকে। নিজের ইনজুরির বিষয়ে বিজয় বলেন,“ডাক্তার তো বলেছেন আমি পুরোপুরি ঠিক আছি। তারা রিপোর্টও দিয়েছে। আল্লাহর রহমতে আর কোনও সমস্যা নেই।” পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে থাকার ব্যাপারে আশাবাদী কি না এমন প্রশ্নে টাইগার ওপেনারের বক্তব্য, “এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না আমার। আমি সুস্থ আছি। এখন ওনারা যদি দলে নেয় তাহলে সেটা আমার জন্য খুশির সংবাদ হবে। আর দলে সুযোগ পেলে খুব ভাল লাগবে।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়